শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে চ্যারিটি হোপ ফাউন্ডেশনের উদ্যোগে শারদ বস্র বিতরণ
চট্টগ্রাম প্রতিনিধি: ১৭ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজার আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে চ্যারিটি হোপ ফাউন্ডেশনের উদ্যোগে শারদবস্ত্র, শিক্ষা সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে চ্যারিটি হোপ ফাউন্ডেশন। ধর্মীয় ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া চক্রশালা শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রননাথ ব্রহ্মচারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ শ্রী শ্রী জোড় মা ও লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ সাধক শ্রী রিমন মহাজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যারিটি হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী রিক্ত দত্ত।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সিনিয়র স্বেচ্ছাসেবী তুলি দাশগুপ্তা, সিনিয়র স্বেচ্ছাসেবী ডা. রত্নম দে, প্রতিষ্ঠাতা সিনিয়র স্বেচ্ছাসেবী প্রান্ত দাশ, প্রতিষ্ঠাতা সিনিয়র স্বেচ্ছাসেবী সৌম্য দে উৎসব, সিনিয়র স্বেচ্ছাসেবী রবি দাশ, সেতু মোহন্ত, তিথি পাল ও প্রিয়াংশু চৌধুরীসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী ও অতিথিরা।
আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শারদবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব সামগ্রী পেয়ে উপকারভোগীদের মাঝে উৎসবের আনন্দের আবহ তৈরি হয়।
আয়োজকরা জানান, দুর্গাপূজার আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগ করে নেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে চ্যারিটি হোপ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে চায়।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বস্ত্র, শিক্ষা সামগ্রী ও খাদ্য বিতরণের এই মানবিক আয়োজন উপস্থিত অতিথি ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

No comments:
Post a Comment