চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মায়ের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান কারাগারের ভেতরে আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর কারাগারে এ অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি শ্রাদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পুরোহিতকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়ার আবেদন করা হয়।
গত ১০ সেপ্টেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রাণী ধর মারা যান। মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনে তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।
এরপর গতকাল রবিবার রঞ্জন কুমার ধর নতুন করে আবেদন করেন। আবেদনে সনাতন ধর্মীয় অনুশাসন ও শাস্ত্রীয় আচারের বিষয় উল্লেখ করে কারাগারের ভেতরেই চিন্ময়ের মায়ের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে শ্রাদ্ধের সরঞ্জাম নিয়ে হারাধন রুদ্র নামে একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের অনুমতি চাওয়া হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) মোহাম্মদ ছগির মিয়া বলেন, প্যারোলে মুক্তির ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন ছিল এবং সেটি দেওয়া হয়েছে। তবে বর্তমান আবেদনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন নেই। কারাবিধি অনুযায়ী এ বিষয়ে জেলা সুপার সিদ্ধান্ত নেবেন।
অন্যদিকে, তিনি বলেন, এ ধরনের আবেদন খুবই বিরল। কারাবিধিতে বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। যেহেতু এটি ধর্মীয় বাধ্যবাধকতার সঙ্গে সংশ্লিষ্ট এবং বন্দিও একজন বিশেষ বন্দি, তাই বিশেষ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে তার মতে, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জেলা ম্যাজিস্ট্রেটের এবং জেল কর্তৃপক্ষ কারাবিধির বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।
চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সাবেক সংগঠক এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।

No comments:
Post a Comment