/> ধামরাইয়ে চুরির অপবাদে যুবককে হাত-পা বেঁধে মারধর, এক সপ্তাহ পর মৃত্যু - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ধামরাইয়ে চুরির অপবাদে যুবককে হাত-পা বেঁধে মারধর, এক সপ্তাহ পর মৃত্যু

 



ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে শংকর মন্ডল (২৮) নামে এক যুবককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ধানের তুষের ব্যবসায়ী ওয়াজেদ হাজী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ঘটনার প্রায় এক সপ্তাহ পর শনিবার (১৫ আগস্ট) সকালে নিজ বাড়িতে শংকর মন্ডলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শংকর মন্ডল ধামরাই পৌরসভার পশ্চিম কায়েতপাড়া এলাকার বদন সরকারের ছেলে। অভিযুক্ত ওয়াজেদ হাজীর বাড়ি শরীফভাগ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ধানের তুষের ব্যবসা করেন।

নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ওয়াজেদ হাজীর ধানের মিলের কিছু যন্ত্রাংশ চুরি হয়। এ ঘটনায় একজনকে আটক করে মারধর করা হলে সে শংকর মন্ডলের নাম বলে। এরপর ওয়াজেদ হাজীর লোকজন একাধিকবার শংকরের বাড়িতে গিয়ে তাঁকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে পরিবারের অভিযোগ।

পরিবারের দাবি, বাড়িতে শংকরকে না পেয়ে তাঁর বাবা বদন সরকারকে হুমকি দিয়ে শংকরকে সঙ্গে নিয়ে ওয়াজেদ হাজীর অফিসে যেতে বলা হয়। পরে বদন সরকার তাঁর ছেলে শংকরকে নিয়ে ওয়াজেদ হাজীর অফিসে গেলে তাঁকে বাইরে বের করে দেওয়া হয়। এরপর ৪-৫ জন মিলে শংকরের হাত-পা বেঁধে মারধর করেন বলে অভিযোগ।

মারধরের পর গুরুতর আহত অবস্থায় শংকরকে তাঁর বাবা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

তবে চিকিৎসার ব্যয় বহনের সামর্থ্য না থাকায় পরিবারের সদস্যরা শংকরকে বাড়িতে নিয়ে আসেন। পরিবারের দাবি, এরপর বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় ঘটনার প্রায় সাত দিন পর শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

এদিকে শংকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত ওয়াজেদ হাজী পুলিশের গ্রেপ্তার এড়াতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনের কার্যালয়ে আশ্রয় নেন বলে স্থানীয়দের অভিযোগ। ওয়াজেদ হাজী সংসদ সদস্যের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত বলে দাবি করেছেন স্থানীয়রা।

পরে নিহতের স্বজন ও এলাকাবাসী বিষয়টি সংসদ সদস্যকে জানালে তিনি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন বলে জানা গেছে।

ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, শংকরকে মারধরের কারণেই মৃত্যু হয়েছে কি না, ময়নাতদন্তের প্রতিবেদনে তা স্পষ্ট হবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের বাবা বদন সরকার বলেন, তাঁর ছেলেকে অমানুষিকভাবে নির্যাতন ও মারধর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে। নিহতের পরিবার অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad