শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আয়ান শর্মাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা, সংগঠনের কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটনা এবং সনাতনী সম্প্রদায়ের নামে অপপ্রচার চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু স্বাক্ষরিত এক চিঠিতে আয়ান শর্মাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে আয়ান শর্মা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। একই সঙ্গে তিনি সংগঠনের কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটনা করেন। এছাড়া পরিষদের পরপর তিনটির বেশি সভায় তিনি অনুপস্থিত ছিলেন।
এদিকে, বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকেও আয়ান শর্মার বিরুদ্ধে জন্মাষ্টমী উদযাপন পরিষদে লিখিত অভিযোগ দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে সত্যতা পাওয়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে আয়ান শর্মাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

No comments:
Post a Comment