![]() |
| পরিবারের ইতি গৌড় |
বিজয় সরকার -সিলেট বিভাগীয় ব্যুরো চিফ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল চা-বাগানের এক চা-শ্রমিক পরিবারের মেয়ে ইতি গৌড় (১৯) দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। এর আগে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগেও ভর্তির সুযোগ লাভ করেছিলেন। তবে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়েই ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইতির বাড়ি কুলাউড়া উপজেলার বরমচাল চা-বাগানের ডিপো লাইনে। তিন বোনের মধ্যে তিনি সবচেয়ে ছোট। স্থানীয়দের দাবি, বরমচাল চা-বাগান থেকে এই প্রথম কোনো শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন। ফলে ইতির এই সাফল্যে পুরো চা-বাগানজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
বরমচাল চা-বাগানের বাসিন্দা এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী নিত্যানন্দ দাস বলেন, “এই বাগান থেকে আগে কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি। নিজের মেধা ও পরিশ্রমে ইতি সেই ইতিহাস গড়েছে। তার জন্য আমাদের সবার শুভকামনা রইল।”
স্থানীয়রা মনে করছেন, ইতি গৌড়ের এই অর্জন চা-শ্রমিক পরিবারের সন্তানদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে নতুন করে অনুপ্রাণিত করবে। সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার মধ্যেও অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে স্বপ্ন পূরণ করা সম্ভব, ইতি তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

No comments:
Post a Comment