/> চবি সনাতন বিদ্যার্থী সংসদের নতুন কমিটি গঠন: ১৬ জুলাই রথযাত্রা পালনের ঘোষণা - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

চবি সনাতন বিদ্যার্থী সংসদের নতুন কমিটি গঠন: ১৬ জুলাই রথযাত্রা পালনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক। ০৮ জুলাই ২০২৬
দীর্ঘ স্থবিরতা কাটিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে আবারও পূর্ণোদ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। গত ০৬ জুলাই সংগঠনটির কেন্দ্রীয় সংসদ আগামী ২০২৬-২৭ সেশনের জন্য চবি শাখার এই নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন ও ঘোষণা করে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী দিলীপ দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্কৃত বিভাগের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আবির দত্ত। সংগঠন সূত্র জানায়, ২০১৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব আয়োজনের মধ্য দিয়ে সনাতন বিদ্যার্থী সংসদ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল। ২০২১ সাল পর্যন্ত ক্যাম্পাস প্রাঙ্গণে সনাতনী শিক্ষার্থীদের মেধা বিকাশ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, ধর্মীয়-সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সংগঠনটি প্রশংসনীয় ভূমিকা পালন করে। করোনা মহামারি ও পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে মাঝখানে কার্যক্রমে কিছুটা ভাটা পড়লেও, সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রচেষ্টার ফসল হিসেবে এই নতুন কমিটির মাধ্যমে সংগঠনটি পুনরায় প্রাণ ফিরে পেল। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জ্ঞাপন করেছেন। তিনি সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দায়িত্ব গ্রহণের পর নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে নবনির্বাচিত সভাপতি দিলীপ দাস বলেন, "সনাতন বিদ্যার্থী সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে আমি বিশ্বাস করি, শিক্ষা, নৈতিকতা, ঐক্য ও মানবিক মূল্যবোধই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি। আমাদের সংগঠন সনাতন শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা, সামাজিক দায়বদ্ধতা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব বিকাশে নিরলসভাবে কাজ করে যাবে। সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে আমরা একটি সম্প্রীতিপূর্ণ, সুশৃঙ্খল ও মূল্যবোধসম্পন্ন শিক্ষাঙ্গন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।" সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবির দত্ত বলেন, "সনাতন বিদ্যার্থী সংসদ শুধু একটি সংগঠন নয়, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের ঐক্য, নেতৃত্ব ও ইতিবাচক উদ্যোগের একটি প্ল্যাটফর্ম। সকলকে সঙ্গে নিয়ে শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল ও গঠনমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।" এদিকে, নতুন কমিটির প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে আগামী ১৬ জুলাই ২০২৬ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য রথযাত্রা উদযাপনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এই উৎসব সফল করতে বিশ্ববিদ্যালয়ের সকল সনাতনী শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে সনাতন বিদ্যার্থী সংসদ, চবি শাখা।-খবর বিজ্ঞপ্তির

No comments:

Post a Comment

Post Top Ad