![]() |
| পুরোহিত শ্রী সুভাষ চক্রবর্তী |
রাম কৃষ্ণ দে- বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী লোকনাথ মন্দিরের প্রবীণ পুরোহিত ও ধর্মপ্রাণ সেবক শ্রী সুভাষ চক্রবর্তী আজ ভোর ৪টা ৫০ মিনিটে পরলোকগমন করেছেন। তাঁর মহাপ্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে আলীকদমের সনাতন সমাজসহ ভক্তমহলে গভীর শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, স্ট্রোকজনিত কারণে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য ভক্ত, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে নয়াপাড়া সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী লোকনাথ মন্দিরে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন শ্রী সুভাষ চক্রবর্তী। ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনায় তাঁর নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতা তাঁকে স্থানীয় সনাতন সমাজে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। মন্দিরের নিত্যপূজা, বিভিন্ন উৎসব, ব্রত ও ধর্মীয় অনুষ্ঠানে তাঁর নিবেদিত সেবা ভক্তদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁর স্নেহশীল আচরণ, ধর্মীয় জ্ঞান ও সেবামূলক মানসিকতা মন্দিরকেন্দ্রিক সমাজজীবনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর আকস্মিক প্রয়াণে শুধু একটি মন্দির নয়, পুরো সনাতন সমাজ একজন নিবেদিতপ্রাণ ধর্মসেবককে হারালো।
শ্রী সুভাষ চক্রবর্তীর মহাপ্রয়াণে স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বিদেহী আত্মার সদগতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর বণিকপাড়ায় তাঁর নিজ বাসভবনে বৈদিক ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শ্রীচরণে প্রার্থনা জানিয়ে ভক্তবৃন্দ বলেন, ‘হে পরম করুণাময়, আপনার এই নিবেদিতপ্রাণ সেবককে চিরশান্তি দান করুন। তাঁর বিদেহী আত্মা যেন আপনার শ্রীচরণে স্থান লাভ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।’

No comments:
Post a Comment