চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পংকজ শীল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক যুবক আহত হয়েছেন। পরে বোরকা পড়া এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পংকজ শীল (২৬) ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক চক্রবর্তী (৩০) মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আরও জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে ৫-৭ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল চক্রশালা এলাকায় প্রবেশ করে। এসময় পংকজ শীল ও তিলক চক্রবর্তী তাদের সামনে পড়েন। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার পথে পংকজ শীল মারা যান। আহত তিলক চক্রবর্তী বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস বলেন, রাতে সংঘবদ্ধ ছিনতাইকারী দল আমাদের এলাকায় প্রবেশ করে। তাদের সামনে পড়ে যাওয়ায় দুইজনের ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, গ্রামবাসী দীর্ঘদিন ধরে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হচ্ছে। এই ঘটনার পর মানুষ আরও উদ্বিগ্ন হয়ে পড়েছে।
এদিকে এ ঘটনায় বোরকা পরিহিত এক ছিনতাইকারীকে স্হানীয়রা ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে রাতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছিনতাইকারী পুলিশকে জানিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী দলে তাদের সাথে এক নারীও ছিল। সবাই পালিয়ে গেলেও আবিদুর ইসলাম (৩৫) নামে এ ছিনতাইকারীকে আটক করা হয়। তার বাড়ি গাইবান্ধা বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ ঘটনায় বেশ কয়েকজন ছিনতাইকারী ছিল। তাদের মধ্যে একজনকে বোরকা পরিহিত অবস্থায় একজন আটক করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

No comments:
Post a Comment