/> শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথপ্রদর্শক তপন কুমার দত্তকে বিদায় সংবর্ধনা - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথপ্রদর্শক তপন কুমার দত্তকে বিদায় সংবর্ধনা

 



যীশু সেন :

রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ বলেন- একজন প্রধান শিক্ষক শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি একজন পথপ্রদর্শক, অভিভাবক এবং আদর্শ নির্মাতা। দীর্ঘ কর্মজীবনে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচালনা করেছেন। কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও সুনাম নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবনে জ্ঞানের আলো ছড়িয়েছেন, নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে সাহস জুগিয়েছেন। একজন ভালো শিক্ষককে হয়তো একদিন শ্রেণিকক্ষ থেকে বিদায় নিতে হয়, কিন্তু তাঁর শিক্ষা, আদর্শ ও অবদান কখনো বিদায় নেয় না। তা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে।

আজকের এই বিদায় কোনো বিচ্ছেদ নয়; এটি তাঁর গৌরবময় কর্মজীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা।

রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের দীর্ঘদিনের সফল কর্ণধার ও প্রধান শিক্ষক তপন কুমার দত্ত-এর অবসর উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (০৮ জুন ২০২৬) দুপুর ১২টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত  অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ।

কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দীন এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, ইয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার মহাজন, রাউজান প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে-এর সিনিয়র সহ-সম্পাদক যীশু সেন।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের  প্রধান শিক্ষক তপন কুমার দত্ত। অত্র বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমী মুৎসুদ্দীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী চক্রবর্তী। বক্তব্য রাখেন  কোয়েপাড়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমালিকা সেনগুপ্ত, সিনিয়র শিক্ষক মাকসুদ চৌধুরী,  প্রাক্তন সিনিয়র শিক্ষক মো: শফিকুর রহমান কামালী,  প্রাক্তন ছাত্রী অমি চক্রবর্তী,  সহধর্মিণী সুপ্রিয়া দাশ, কন্যা সুমিষ্টা দত্ত, শিক্ষিকা  কাবেরী চক্রবর্তী, রুম্পী চৌধুরী, নিলীমা ভট্টাচার্য,  সোমা কানুনগো, মোসাম্মৎ শিউলী খাতুন, অজিত নাথ, শুভার্থী চক্রবর্তী, মোহাম্মদ আল হাসান প্রমুখ। 

বক্তারা তাঁদের বক্তব্যে সংবর্ধিত অতিথি তপন কুমার দত্তের দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নিষ্ঠা, সততা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে অসামান্য অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

 অনুভূতি প্রকাশ করতে গিয়ে তপন কুমার দত্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে সবার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসাই তাঁকে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন শিক্ষিকা মৌসুমী মুৎসুদ্দী।  সংগীত পরিবেশন করেন শিক্ষিকা রুম্পী চৌধুরী ও ছাত্রী সুইটি চক্রবর্তী।  নৃত্য পরিবেশন করেন অংকিতা দত্ত। গান, আবৃত্তি ও নৃত্যের মনোরম পরিবেশনার পাশাপাশি আলোচনা সভা এবং সংবর্ধনা পর্বের সমন্বয়ে বিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে। বৈচিত্র্যময় আয়োজনে পুরো অনুষ্ঠান ছিল উৎসবমুখর, প্রাণচঞ্চল ও দর্শক-শ্রোতাদের মুগ্ধতায় ভরপুর।

অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

No comments:

Post a Comment

Post Top Ad