চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার (৮ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা কলোনি গ্রামের বাসিন্দা নয়ন রাজের বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। একই ঘটনার প্রেক্ষিতে নয়ন রাজের পক্ষ সমর্থনের অভিযোগে লছমানপুর গ্রামের বাসিন্দা বিপুল কুমারকে (২৬) আটক করে স্থানীয় জনতা এবং পরে তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে আটক বিপুল কুমারের পরিবার দাবি করেছে, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তার স্ত্রী দেবালয় মিডিয়া নিউজকে জানান, ৭ মার্চ তিনি ঢাকা থেকে বাড়িতে ফেরেন এবং পরদিনই তাকে এই ঘটনায় জড়িয়ে দেওয়া হয়।পরিবারের দাবি অনুযায়ী, বিপুল কুমার সরাসরি ধর্মীয় কোনো কটূক্তিমূলক পোস্ট করেননি। বরং একটি ভিন্ন ঘটনার বিষয়ে—একজন ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অনৈতিক অপরাধ সংক্রান্ত একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কে জড়িয়ে ফেলা হয়েছে।
আটক যুবকের স্ত্রী দেবালয় মিডিয়া নিউজকে আরও বলেন, “আমার স্বামী নির্দোষ। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমাদের একটি তিন বছরের শিশু সন্তান রয়েছে। তাকে নিয়ে আমি ও আমার শাশুড়ি খুব অসহায় অবস্থায় আছি। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই।”
স্থানীয়রা জানান, ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি মূল অভিযুক্ত নয়ন রাজকে দ্রুত গ্রেফতারের আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

No comments:
Post a Comment