পারিবারিক কলহের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, শান্ত পাল | ১৮ মার্চ, ২০২৬
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী দীপা দাস (২৪) আত্মহত্যা করেছেন। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামে নিজ বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্য ও পারিবারিক সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে স্বামীর সঙ্গে দীপার তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দীপা তাঁর স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তাঁর স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দীপাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে প্রাণ হারান এই শিক্ষার্থী।
দীপা দাসের এই অকাল মৃত্যুতে তাঁর সহপাঠী ও শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহপাঠী জেরভাস বিশ্বাস জানান, "আমরা ঘটনার বিস্তারিত পুরোপুরি জানি না, তবে শুনেছি পারিবারিক কলহ ও ঝগড়ার জেরে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।"
আরেক সহপাঠী রিফাত ইসলাম শোক প্রকাশ করে বলেন, "দীপা ছিলেন অত্যন্ত অমায়িক এবং মেধাবী একজন মানুষ। পড়াশোনায় তিনি সবসময়ই ভালো ছিলেন। সামান্য ঝগড়া-বিবাদের জেরে এমন একটি প্রাণ ঝরে যাবে, তা আমরা কল্পনাও করতে পারছি না।"
বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

No comments:
Post a Comment