শপথ গ্রহণের দিন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। এ অঞ্চলের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী চা শ্রমিকদের দাবি অনুসারে হাতিমারা চা বাগানের নাট মন্দির সংস্কার দিয়ে যাত্রা শুরু হলো তাঁর। এই ঘোষণায় বাগান এলাকায় আনন্দের বন্যা বইছে চা শ্রমিকদের মাঝে।
হাতিমারা চা বাগানের বাসিন্দা শেফালি মুন্ডা জানান, অনেক কষ্টে জীবন যাপন করেন তারা। সারাবছর অভাব লেগেই থাকে। এর মাঝে বেহাল নাট মন্দিরের উন্নয়ন অসম্ভব ছিল। শপথের দিনই এমপি সৈয়দ ফয়সল ওই মন্দিরের সংস্কার কাজের সূচনা করেন। চা শ্রমিকরা আশাবাদী, তাঁর হাত ধরে দুর্দিনের অবসান ঘটবে তাদের। চা বাগানের শ্রমিক নেতারা জানান, এমপি ফয়সলের ছেলে সৈয়দ শাফকাত আহমেদের মাধ্যমে মন্দির সংস্কারের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
১২ ফেব্রুয়ারি হবিগঞ্জ-৪ আসন থেকে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ফয়সল। এমপি হিসেবে ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার দিনই বাগানে শুরু হয়েছে নাট মন্দিরের সংস্কার কাজ।
নির্বাচনের আগে সৈয়দ ফয়সলের ছেলে সৈয়দ শাফকাত আহমেদ ২৮টি চা বাগানসহ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করেন। বিশেষ করে চা শ্রমিকদের জীবনমান, শিক্ষা ও ধর্মীয় স্থাপনার অবস্থা দেখে তিনি উন্নয়নের অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকার রক্ষার সূচনা হলো প্রথম দিনই।

No comments:
Post a Comment