চট্টগ্রাম নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ দাস (পিতা: বাবুল দাস) নামে এক সনাতনী যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একটি কারখানার শ্রমিক ছিলেন। বুধবার রাত আটটার দিকে নগরীর সাগরিকা বিটাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ দাসের বাড়ি চট্টগ্রামের অলংকার মোড় সংলগ্ন ধোপাপাড়া এলাকায়।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আকাশ দীর্ঘদিন ধরে সাগরিকা বিটাক বাজার মোড়ের একটি খেলনা কারখানায় কাজ করতেন। সহকর্মীদের দাবি, একটি চক্র বেশ কিছুদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। আকাশ সেই দাবির প্রতিবাদ করলে অভিযুক্তদের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়। ঘটনার দিন রাতের খাবার খেয়ে কর্মস্থলে যাওয়ার পথে তিনি দেখেন, অভিযুক্তরা আরেকটি গ্রুপের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার ওপর নৃশংস হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নগরীর এ কে খান মোড়ের আল-আমিন হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে আকাশ দাসকে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় জড়িতদের মধ্যে ইমন, নাজমুল, মহসিন, রাতুল, মন্নান, হৃদয় ও অন্তরসহ আরও কয়েকজন ছিল বলে জানা গেছে। তারা সংঘবদ্ধভাবে আকাশের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
নিহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আকাশের ভাই জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে। পুলিশ হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে বলে জানা গেছে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন আকাশ দাসের মা-বাবা। হাসপাতালের সামনে ও বাসার আঙিনায় তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সন্তানের নাম ধরে পিতার বিলাপ এবং মায়ের কান্না উপস্থিত সবার হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে।
ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার নিশ্চিত করার আহবান জানিয়েছেন।

No comments:
Post a Comment