/> ‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক মুজিব পরদেশী কারাগারে - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক মুজিব পরদেশী কারাগারে

নিজস্ব প্রতিবেদক:-
‘আমি বন্দি কারাগারে’ ও ‘কলঙ্কিনী রাধা’র মতো জনপ্রিয় গানের শিল্পী এবং খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। চেক ডিজঅনারের একটি মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে তাকে হাজির করা হলে এই নির্দেশ দেওয়া হয়। মামলার বিবরণ থেকে জানা যায়, ১০ লাখ টাকার চেক ডিজঅনার হওয়ার অভিযোগে ইদ্রিস আলী বিশ্বাস নামের এক ব্যক্তি ২০২২ সালে মাগুরার আদালতে এই মামলাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে বিচার প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত এই মামলার রায়ে মুজিব পরদেশীকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই এই শিল্পী পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৩ আগস্ট) ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানির সময় মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম আসামির জামিনের তীব্র বিরোধিতা করেন। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী আদালতকে জানান, মামলার বিষয়টি জানা সত্ত্বেও তিনি এতদিন পলাতক ছিলেন। সোমবার পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই অবস্থায় আসামিকে জামিন দেওয়া হলে বাদীপক্ষ আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রার্থনা জানানো হয়, যা আদালত গ্রহণ করেন। উল্লেখ্য, মুজিব পরদেশীর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা। আশির দশকে বাংলা লোকগীতির মাধ্যমে তিনি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। হাসান মতিউর রহমানের কথা ও সুরে তার গাওয়া ‘আমি বন্দি কারাগারে’ গানটি সে সময় দারুণ সাড়া ফেলেছিল। পরবর্তীতে আলোচিত ‘বেদের মেয়ে জোছনা’ চলচ্চিত্রেও এই গানটি ব্যবহার করা হয়। ব্যক্তিগত ও শিক্ষাজীবনে মুজিব পরদেশী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সংগীতচর্চার পাশাপাশি তিনি বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) সংগীত পরিচালক এবং তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad