/> গোপালগঞ্জে ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার মিঠু মন্ডলের পাশে দাড়ালেন মৃণাল কান্তি বৈষ্ণব - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

গোপালগঞ্জে ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার মিঠু মন্ডলের পাশে দাড়ালেন মৃণাল কান্তি বৈষ্ণব

নিজস্ব প্রতিবেদক : গত ১৯ মে গোপালগঞ্জ জেলার হিন্দু অধ্যুষিত উপজেলা কোটালীপাড়ার পিঞ্জুরি ইউনিয়নে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। পিঞ্জুরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব অপারেটর মিঠু মন্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হলে তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর তা দেশব্যাপী আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়।


ঘটনার পরিপ্রেক্ষিতে ২১ মে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব , বাংলাদেশ জাতীয়তাবাদীর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং কোটালীপাড়ার কৃতি সন্তান মৃণাল কান্তি বৈষ্ণবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিঠু মন্ডলের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লিখন সরকার সহ শাকিল বিশ্বাস, মানিক হালদার, মানব বাড়ৈ , পার্থ মন্ডল,সনদ বাড়ৈ, রতন মিস্ত্রি,

মিঠু মন্ডলের স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে প্রতিনিধি দল ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত ১৩ মে বিদ্যালয়ে ক্লাস চলাকালে কয়েকজন শিক্ষার্থী মিঠু মন্ডলকে প্রশ্ন করেন, “স্যার, স্কুল তো বন্ধ হয়ে যাবে, পরীক্ষায় আসার মতো কিছু সাজেশন দেন।” এর উত্তরে মিঠু মন্ডল বলেন, “পরীক্ষায় কী আসবে তা আমি কীভাবে বলব, এগুলো তো স্বয়ং সৃষ্টিকর্তাও বলতে পারবেন না।”

পরবর্তীতে শিক্ষার্থীরা তাকে আরেকটি প্রশ্ন করেন, “স্যার, বিশ্বকাপে কোন দল জিতবে?” উত্তরে তিনি বলেন, “এটা আমি কেন, সৃষ্টিকর্তাও বলতে পারবেন না।” পরিবারের দাবি অনুযায়ী, ক্লাসে উপস্থিত কয়েকজন মুসলিম শিক্ষার্থী ওই বক্তব্যকে তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে বিবেচনা করেন এবং বিষয়টি নিয়ে আপত্তি তোলেন।

পরিবারের সদস্যরা জানান, বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে মিঠু মন্ডল শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর বিষয়টি মীমাংসিত হয়েছে বলেই সবাই মনে করেছিলেন এবং কয়েকদিন পরিস্থিতি স্বাভাবিক ছিল।

কিন্তু পরবর্তীতে একটি মহল ঘটনাটিকে নতুন করে উসকে দেয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরিবারের দাবি, মিঠু মন্ডলের কর্মস্থল ও তার পদকে কেন্দ্র করে পূর্ব থেকেই কিছু ব্যক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ও বিরোধ ছিল। তাদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তারা নতুন করে উত্তেজনা সৃষ্টি করার সুযোগ পায় এবং পরিকল্পিতভাবে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে।

পরিবারের ভাষ্যমতে, এলাকার বিভিন্ন স্থান থেকে লোকজন জড়ো করা হয় এবং ঘটনাটিকে ঘিরে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করা হয়। এ সময় কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরাও সেখানে সমবেত হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা মিঠু মন্ডলের ওপর হামলা চালায় এবং তিনি শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের শিকার হন।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রতিনিধি দলকে পরিবারের সদস্যরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আরও বড় ধরনের সংঘর্ষ এড়ানোর লক্ষ্যে প্রশাসন মিঠু মন্ডলকে আটক করে।

পরবর্তীতে প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পিঞ্জুরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিধি দলকে জানান যে, মিঠু মন্ডল দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং তিনি একজন সৎ, ভদ্র ও সহজ-সরল মানুষ হিসেবে পরিচিত। তিনি আরও বলেন, মিঠু মন্ডলের বিরুদ্ধে এর আগে কখনো এ ধরনের কোনো অভিযোগ ওঠেনি।

মৃণাল কান্তি বৈষ্ণব বলেন, “ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি অপরাধ করে থাকলে আইন তার বিচার করবে, কিন্তু কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বা জনরোষ সৃষ্টি করে বিচার করার সংস্কৃতি গ্রহণযোগ্য হতে পারে না।”

তিনি আরও বলেন, “আমরা মিঠু মন্ডলের পরিবারের সঙ্গে কথা বলেছি এবং তাদের আশ্বস্ত করেছি যে বিষয়টি সরকারের সাথে সংশ্লিষ্ট মহলে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। একই সঙ্গে আমরা আশা করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং যারা পরিস্থিতিকে অস্থিতিশীল করেছে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় মৃণাল কান্তি বৈষ্ণব  মিঠু মন্ডলের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

No comments:

Post a Comment

Post Top Ad