বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে অবস্থিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে জাতীয় সংসদে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিদ্যালয়টি জাতীয়করণের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তিনি সংসদে জানান, “প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, থানচির তিন্দু এলাকার সেই স্কুলকে যেন জাতীয়করণ করা হয়। আজকে সংসদে স্লিপটি পাঠিয়েছেন।”
দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষার আলো ছড়িয়ে দিতে সংগ্রাম করে আসছে বান্দরবানের দুর্গম তিন্দু ইউনিয়নের এই শিক্ষাপ্রতিষ্ঠান। জেলা সদর থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে অবস্থিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। একই বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বামং খিয়াং।
বিদ্যালয়টির অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নিয়মিত বেতন আদায় সম্ভব হয় না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জোগাড় করাই হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের কার্যক্রম সচল রাখতে ছুটির দিনগুলোতে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে অতিরিক্ত আয় করেন প্রধান শিক্ষক বামং খিয়াং। সেই আয় থেকেই শিক্ষকদের বেতন পরিশোধে সহযোগিতা করে আসছেন তিনি।
অর্থসংকটের কারণে বিদ্যালয়ে এখনো প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবুও স্থানীয় জনগণের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে দুর্গম পাহাড়ি জনপদে।
বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয়করণ বাস্তবায়িত হলে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মানোন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে, যা দুর্গম তিন্দু এলাকার শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

No comments:
Post a Comment