/> নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর নারায়ণ সরকারের মরদেহ উদ্ধার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর নারায়ণ সরকারের মরদেহ উদ্ধার

 


ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কোরবানির ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ সাত দিন পর উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নিকড়া চক এলাকার আড়িয়াল বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারায়ণ সরকার (৫০) উপজেলার বড় বকসনগর চৌরাহাটি গ্রামের বাসিন্দা।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নারায়ণ সরকার পেশায় থাই গ্লাস ও কাঠমিস্ত্রী ছিলেন। গত ছয় মাস ধরে তিনি রাজধানীর বসুন্ধরা এলাকায় কাজ করছিলেন। ঈদ উপলক্ষে গত ২৬ মে তিনি বাড়িতে আসেন।


ঈদের দিন সকালে গ্রামের জগদীশ সরকারের সঙ্গে নিকড়ার আড়িয়াল বিলে মাছ ধরতে যান নারায়ণ সরকার। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।


পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান না পেয়ে পরদিন নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।


পরবর্তীতে নারায়ণের স্ত্রী চম্পা রাণী সরকার স্বামীকে অপহরণ ও হত্যার আশঙ্কায় দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।


আজ সকালে স্থানীয় বাসিন্দারা আড়িয়াল বিলের একটি ডাঙার পূর্ব পাশে জমে থাকা অল্প পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ বলেন, উদ্ধার করা মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আবু হানিফ আরও বলেন, মামলার এজাহারে উল্লেখ থাকা দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।


ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad