রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান পৌরসভায় এক দুবাই প্রবাসীর দেশে ফেরার মাত্র এক ঘণ্টার মাথায় তাঁর স্ত্রী প্রিয়া শীল (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকার বসতঘর থেকে কিছুটা দূরে অবস্থিত একটি গোসলখানা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত প্রিয়া শীল হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকার সুলাল শীল ও রূপনা শীল দম্পতির মেয়ে। ২০১৯ সালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, দুবাই প্রবাসী নয়ন শীলের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়েছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১০ জুন দুবাই থেকে নয়ন শীলের দেশে আসার কথা নির্ধারিত থাকলেও পরিবারের কাউকে পূর্ব কোনো আভাস না দিয়ে আজ সোমবার সকাল ১০টায় আকস্মিকভাবে তিনি বাড়িতে এসে পৌঁছান। এর ঠিক এক ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১১টার দিকে বাড়ি থেকে কয়েকশ ফুট দূরের একটি গোসলখানায় প্রিয়া শীলের মরদেহ পাওয়া যায়।
এই ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
নিহতের মা রূপনা শীল অভিযোগ করে বলেন, প্রথমে তাঁদের জানানো হয়েছিল প্রিয়া নালায় পড়ে গিয়ে আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে, কিন্তু পরে তাঁরা মেয়ের আত্মহত্যার খবর পান। তিনি আরও জানান, বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁরা জানতে পারেন স্বামী নয়ন শীলের শারীরিক সমস্যা রয়েছে এবং এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র পারিবারিক কলহ চলে আসছিল। অন্যদিকে অভিযুক্ত স্বামী নয়ন শীলের দাবি, তাঁর স্ত্রী প্রিয়া শীল গোসলখানার ভেতরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন এবং তিনি নিজেই দরজা ভেঙে স্ত্রীর মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Post Top Ad
Home
Unlabelled
রাউজানে বিদেশ থেকে ফিরলেন স্বামী, ১ ঘন্টার ব্যবধানে মিললো স্ত্রীর মরদেহ।
রাউজানে বিদেশ থেকে ফিরলেন স্বামী, ১ ঘন্টার ব্যবধানে মিললো স্ত্রীর মরদেহ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment