শান্ত পাল, ময়মনসিংহ প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননার ছবি ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহের গৌরীপুরে তীব্র উত্তেজনা দেখা দেয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাওন চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৯ মে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অভিযুক্ত শাওন চন্দ্র দাস পবিত্র আল-কোরআনের ওপর পা রাখা একটি ছবি নিজের ব্যক্তিগত ইমু (Imo) আইডিতে আপলোড করেন বলে অভিযোগ ওঠে। মুহূর্তের মধ্যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম তাওহীদি জনতার মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ছবিটি ছড়িয়ে পড়ার পর উত্তেজিত জনতা গৌরীপুর পৌরসভার বড় মসজিদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাল্লা। তার সুনির্দিষ্ট নির্দেশনায় পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন এবং অভিযুক্তকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোরালো আশ্বাস দেন।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় ২০ মে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহযোগিতায় একটি যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত শাওন চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে। একই সাথে কোনো ধরনের গুজব বা উসকানিমূলক প্রচারণায় কান না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হয়েছে।

No comments:
Post a Comment