মাদারীপুরের ডাসারে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চরক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর শশিকর সার্বজনীন কালী মন্দির মাঠে এ পূজাকে কেন্দ্র করে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।
আয়োজকরা জানান, প্রায় দুশ বছর ধরে এই জনপদে শিব পূজা ও চরক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বৈশাখ মাস এলে পূর্বপুরুষদের ধর্মীয় আচার মেনে পিঠে বড়শি গেঁথে এই রোমাঞ্চকর চরক খেলার আয়োজন করা হয়। বুধবার বিকেলে এই দুঃসাহসিক খেলা দেখতে মন্দির প্রাঙ্গণে ভিড় করেন দূর-দূরান্ত থেকে আসা সব বয়সী মানুষ।
এবারের চরক পূজার মূল আকর্ষণ ছিল পিঠের চামড়ায় বড়শি গেঁথে শূন্যে ঘোরা। প্রথা অনুযায়ী, সুশীল বালা ও শংকর বালা নামে দুই ব্যক্তি নিজেদের পিঠে তিনটি বড় বড়শি গেঁথে চরক গাছে ঝুলে শূন্যে চারদিক প্রদক্ষিণ করেন। জীবনঝুঁকি থাকলেও ধর্মীয় বিশ্বাস থেকে প্রতি বছরই এমন আয়োজন করে আসছেন ভক্তরা।
চরক খেলাকে কেন্দ্র করে মন্দির মাঠের চারপাশে গ্রাম্য মেলার আয়োজন করা হয়। তিন দিনব্যাপী শিব পূজা ও চরক পূজার নানা আয়োজনে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, বিগত দুশ বছর ধরে আমাদের এখানে পহেলা বৈশাখ উপলক্ষে শিব পূজা ও চরক পূজা হয়ে আসছে। এর সঙ্গে আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য মিশে আছে। প্রতি বছরের মতো এবারও সবার সহযোগিতায় পূজা ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

No comments:
Post a Comment