মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ এর নতুন সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্যামল বরন দাশ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপায় একথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক খাতে শ্যামল বরন দাশের ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে আধুনিক আর্থিক সেবা মানুষের কাছে সহজে পৌঁছে দিতে তিনি ভূমিকা রেখেছেন। বিশেষ করে এমএফএস, ডিজিটাল ব্যাংকিং, রিটেইল ও এসএমই সলিউশন, এজেন্ট ব্যাংকিং এবং কার্ড সার্ভিসের মতো বিষয়গুলোতে তিনি সফলভাবে কাজ করেছেন।”
এর আগে তিনি ‘নগদ’ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা, ব্র্যাক ব্যাংকের প্রধান ডিজিটাল কর্মকর্তা এবং ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শ্যামল বরন দাশ ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং যুক্তরাজ্যের রয়েল হলোওয়ে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

No comments:
Post a Comment