/> রাজশাহীতে পূজামণ্ডপে হামলার পর এবার তরুণীকে ধর্ষণের হুমকি, নেওয়া হয়নি ব্যবস্থা - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

রাজশাহীতে পূজামণ্ডপে হামলার পর এবার তরুণীকে ধর্ষণের হুমকি, নেওয়া হয়নি ব্যবস্থা

 


এক বছর আগেই পূজামণ্ডপে হামলার মতো গুরুতর অভিযোগ উঠেছিল রাজশাহীর বোয়ালিয়া (পশ্চিম) থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে। ঘটনার পর থানা ঘেরাও করে মামলা করেছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। কিন্তু তখন তাঁর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এবার এই নেতার বিরুদ্ধে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এবারও কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাঁর পক্ষেই সাফাই গাইছে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল।


মনিরুজ্জামান শান্তর বাড়ি নগরের বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায়। রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর (২৩) অভিযোগ, গত শনিবার সন্ধ্যায় মনিরুজ্জামান প্রকাশ্যেই তাঁকে ধর্ষণের হুমকি দিয়েছেন। এ ঘটনায় রোববার সকালে থানায় মামলা করেছেন তিনি। মামলায় মনিরুজ্জামান শান্ত, তাঁর ভাই মো. শুভসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়।


এ ব্যাপারে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিবৃতি দিয়ে উল্টো প্রতিবাদ জানিয়েছে নগর স্বেচ্ছাসেবক দল। নগর স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সদস্য সৈকত পারভেজ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে সামাজিক ও রাজনৈতিক মহলে মনিরুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট তথ্য গণমাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্যসচিব আসাদুজ্জামান জনি।


ধর্ষণের হুমকির অভিযোগে মনিরুজ্জামান শান্ত বলেন, যে তরুণী মামলা করেছেন, তাঁকে ধর্ষণের কোনো হুমকি দেওয়া হয়নি। গ্যারেজে পার্কিংয়ের টাকা দিতে না চাইলে শুধু তর্ক-বিতর্ক হয়েছে।


এর আগে সরস্বতীপূজার মণ্ডপে হামলার ঘটনায় গত বছরের ৫ ফেব্রুয়ারি মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। শান্তসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা।


মণ্ডপে হামলার মামলাটি তদন্ত করছেন বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। তিনি জানান, মামলাটি তদন্তাধীন আছে। কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তিনি এ বিষয়ে মোবাইল ফোনে কথা বলতে অপারগতা প্রকাশ করে বলেন, সাক্ষাতে বিস্তারিত বলবেন।


যোগাযোগ করা হলে এই মামলার বাদী অশোক কুমার সাহা বলেন, তদন্ত কর্মকর্তা তাঁর সঙ্গে কোনো দিন যোগাযোগই করেননি। মামলাটি কী পর্যায়ে আছে সেটিও তিনি জানেন না।


এবার তরুণীকে ধর্ষণের হুমকির অভিযোগে মামলা হলেও মনিরুজ্জামানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানতে চাইলে বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘আগের মামলার বিষয়ে আমি জানি না। তখন আমি ছিলাম না। এবারের মামলার বিষয়টি জানি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’ আসামির মোবাইল ফোন চালু থাকার বিষয়ে তিনি বলেন, ‘ফোন খোলা থাকলেও অনেক সময় লোকেশনে পাওয়া যায় না। তাই গ্রেপ্তার করা যাচ্ছে না।’


তবে পুলিশের ভাষ্য, প্রাথমিক তদন্তে ওই তরুণীর অভিযোগের সত্যতা মিলেছে।

No comments:

Post a Comment

Post Top Ad