বগুড়ার আদমদীঘি উপজেলায় হিন্দু সেজে হরিবাসর অনুষ্ঠানে প্রবেশের অভিযোগে দুই মুসলিম নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নসরতপুর ইউনিয়নের বরবড়িয়া গ্রামের সার্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিবাসর অনুষ্ঠান চলাকালে দুই নারী হাতে শাঁখা-বালা ও মাথায় সিঁদুর পরিহিত অবস্থায় মন্দিরে প্রবেশ করেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে তাদের পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয়রা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ডরমন্ডল চকবাজার গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শেরফুল আক্তার সুপ্ততা (২৫) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের বাহার উদ্দিন মিয়ার স্ত্রী মাহন বেগম (৩৬)।
পরবর্তীতে স্থানীয় জনতা তাদের আদমদীঘি থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আটক দুই নারীর জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

No comments:
Post a Comment