নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজান থানাধীন হিংলা নাথপাড়া দুর্গা বাড়ী প্রাঙ্গণে আগামী (২ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও চৌষট্টি মহন্ত মহারাজের ভোগ নিবেদন অনুষ্ঠান। সনাতন যুব সংসদ ও হিংলা গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি এবার ‘দুই যুগ পূর্তি’ বা ২৪ বছর উপলক্ষে বিশেষ মহিমায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের প্রথম দিন ১৮ চৈত্র (বৃহস্পতিবার) বিকেল ৩টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হবে। এরপর শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা এবং ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওইদিন রাত সাড়ে ৭টায় কক্সবাজারের শ্রীলাল কৃষ্ণ রুদ্রের (শ্রী কৃষ্ণানন্দ সম্প্রদায়) পরিচালনায় অধিবাস কীর্তন পরিবেশিত হবে। উৎসবের দ্বিতীয় দিন ১৯ চৈত্র (শুক্রবার) ব্রাহ্মমুহূর্তে মহানামযজ্ঞের শুভারম্ভ হবে, যা টানা তিন দিন চলবে এবং ২০ চৈত্র (শনিবার) উষালগ্নে নগর পরিক্রমা ও পূর্ণাহুতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
এবারের উৎসবে দেশের প্রখ্যাত ৪টি কীর্তনীয়া দল নামসুধা পরিবেশন করবেন। দলগুলো হলো— রাঙ্গুনিয়ার শ্রী রাম সম্প্রদায়, পটিয়ার শ্রী মদন মোহন সম্প্রদায়, ভোলার শ্রী শ্যামল কৃষ্ণ সম্প্রদায় এবং লক্ষ্মীপুরের শ্রী কৈবল্য সম্প্রদায়। অনুষ্ঠানে ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রীপাদ ১০৮ শ্রী মুরালী দাস মোহন্ত মহারাজ। এছাড়া ধর্মীয় আলোচনায় অংশ নেবেন অধ্যাপক ড. রাখাল দাশগুপ্ত এবং শিক্ষক অরুণ বিজয় দাশ।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী অরুণ কান্তি নাথ এবং সাধারণ সম্পাদক শ্রী ডা. বনমালী নাথ জানান, ২৪ বছর পূর্তি উপলক্ষে এবারের আয়োজনকে সর্বজনীন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উৎসব চলাকালীন প্রতিদিন ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হবে। আয়োজক কমিটি চট্টগ্রামের সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে এই আধ্যাত্মিক মিলনমেলায় উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে। রাউজান মুন্সিরঘাটা থেকে মুছা ফকিরহাট হয়ে খুব সহজেই উৎসব প্রাঙ্গণে পৌঁছানো যাবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

No comments:
Post a Comment