ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদা না দেওয়ায় রাম মজুমদার (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর ও তার জমি থেকে ঘাস লুট করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যোগেশ ডাক্তার বাড়ির বাসিন্দা রাম মজুমদার একই এলাকার মিলন পাটওয়ারী ও কামরুল পাটওয়ারীর বিরুদ্ধে এ অভিযোগ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, কয়েকদিন আগে তিনি চর এলাকা থেকে ঘাস/খড় কিনে আনেন। পরে সেই ঘাস কেনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ২৪ শতাংশ জমির ঘাস জোরপূর্বক দখল করে নিয়ে যায়। এ সময় তার মোটরসাইকেলও নিয়ে যায় চাঁচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিলন পাটওয়ারী ও কামরুল পাটওয়ারী।
পরবর্তীতে মোটরসাইকেলটি ফেরত দিলেও ঘটনার জের ধরে গত ৬ ও ৭ মার্চ অভিযুক্তরা তাকে দুই দফা মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি।
বর্তমানে আহত রাম তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments:
Post a Comment