পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে “আনন্দ শোভাযাত্রা” করার কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নাম পরিবর্তনকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা অপ্রয়োজনীয় এবং এমন বিষয় সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে।
তিনি আরও জানান, পহেলা বৈশাখ উদ্যাপনের উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন, অতীতের ভুলগুলো বর্তমান সরকার আর বহাল রাখবে না।
মন্ত্রী বলেন, এ বছর বাংলা নববর্ষ যথাযথ মর্যাদা ও চিরায়ত ঐতিহ্য মেনে উদ্যাপন করা হবে। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বাংলা একাডেমি, নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে।
তিনি আরও স্পষ্ট করেন, বৈশাখ উদ্যাপনে কোনো ধরনের অপসংস্কৃতি বা জীবনবিমুখ কার্যক্রমের স্থান থাকবে না। দেশজুড়ে শোভাযাত্রা, আল্পনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজনের মাধ্যমে উৎসবটি উদ্যাপন করা হবে।

No comments:
Post a Comment