/> চট্টগ্রামে আকাশ হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

চট্টগ্রামে আকাশ হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার

 



চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় চাঞ্চল্যকর আকাশ দাশ হত্যা মামলার প্রধান চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—সৈকত (২২), মো. নাজমুল হুদা রিয়াজ (২১), মো. মহসিন (২১) ও রেদুয়ান হোসেন বিজয় (২১)।


​পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে নাজমুল, রিয়াদ ও রায়হান নামের তিন যুবক এসটেক ফ্যাক্টরির কর্মী মাইকেলকে কারখানার সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে কারখানার অন্য কর্মচারীদের সঙ্গে নিয়ে আকাশ দাশ (২৬) ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এ সময় অপহরণকারীদের সঙ্গে আকাশের তীব্র তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে মূল অভিযুক্ত রায়হান তার কাছে থাকা ছুরি দিয়ে আকাশকে আঘাত করে পালিয়ে যায়। পরে রায়হান ও তার সহযোগীরা পুনরায় সংঘবদ্ধ হয়ে ফিরে এসে আকাশকে আবারও উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত আকাশ দাশের মৃত্যু হয়।


​এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের পরিবার পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসামিদের গ্রেপ্তার করে। এর মধ্যে মো. নাজমুল হুদা রিয়াজকে গাইবান্ধা থেকে, সৈকতকে সীতাকুণ্ডের সোনাইছড়ি থেকে, মহসিনকে নগরীর বড়পোল এবং রেদুয়ান হোসেন বিজয়কে পাহাড়তলীর বাইন্যাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


​পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার জানান, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদের মধ্যে আসামি সৈকতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad