চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় উওর গাছবাড়িয়ায় গরু চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি নাছিরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাছির চকরিয়া উপজেলার নয়াপাড়া এলাকার কদ্দাছড়া গ্রামের মৃত অলি আহমেদের ছেলে বলে জানা যায়। শনিবার দুপুরে বিশেষ অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছে চন্দনাইশে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ই ফেব্রুয়ারি মধ্যরাতে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ার ভোলা সেন বাড়িতে গরু চুরির সময় বাড়ির মালিক চোরদের বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ও পরিবার উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ঘটনার পর থেকেই পুলিশ প্রধান আসামি নাছিরসহ জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অবশেষে তাকে গ্রেফতার করা হয়।
চন্দনাইশ থানা পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

No comments:
Post a Comment