ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিশাল জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে প্রাথমিকভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। বিজয়ী হয়েই ১৩ ফেব্রুয়ারি থেকে তিনি নির্বাচনী এলাকার বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকাগুলোতে গিয়ে সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১২৪ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র দুজন। এদের মধ্যে বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মনীষা চক্রবর্তী বরিশাল-৫ আসনে পরাজিত হলেও ঝালকাঠিতে সফলতার ঝান্ডা উড়িয়েছেন ইলেন ভুট্টো। অনেক প্রতিকূলতা এবং নির্বাচনী লড়াইয়ে নানা অপপ্রচার মোকাবিলা করে তাঁর এই জয়কে দলের জন্য বিশেষ গৌরব বলে দাবি করেন তিনি।
ভোটের সমীকরণ বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ঘোষিত ফলাফল অনুযায়ী, ইলেন ভুট্টোর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এস এম নেয়ামুল করিম ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। ৪৩ হাজার ২৯৫ ভোটের এই বিশাল ব্যবধানে জয়ী হয়ে ইলেন ভুট্টো প্রমাণ করেছেন এলাকায় তাঁর জনপ্রিয়তা এখনও আকাশচুম্বী।
২০০০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য হয়েছিলেন ইলেন ভুট্টো। এবারও তাঁর এই জয়কে ‘স্বৈরাচার পতনের বিরুদ্ধে জনগণের জয়’ বলে অভিহিত করেছেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘নানা দলীয় দ্বন্দ্ব ও প্রতিকূলতা মিটিয়ে সবাইকে নিয়ে মাঠে নামতে পেরেছি। তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে যে ভরসা রেখেছিলেন, এই বিজয় দিয়ে আমি তা প্রমাণ করতে পেরেছি।’
সংখ্যালঘু ভোটারদের প্রতি কৃতজ্ঞতা বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় ইলেন ভুট্টো বলেন, ‘ঝালকাঠি ও নলছিটির হিন্দু সম্প্রদায়ের ভোটাররা বিগত দিনে তাদের উন্নয়নবঞ্চিত এলাকার উন্নয়নের আশায় আমাকে ভোট দিয়ে সহায়তা করেছেন। আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি কোনো বিভাজন নয়; বরং সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’

No comments:
Post a Comment