নিজস্ব প্রতিবেদক: বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার প্রতীক দেবী সরস্বতীর আরাধনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উদযাপিত হয়েছে শ্রী পঞ্চমী বা সরস্বতী পূজা। মন্ত্রোচ্চারণ, পুষ্পার্ঘ্য আর ভক্তিময় আবেশে শুক্রবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয় এক শান্ত ও উৎসবমুখর জনপদে।
‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে’— এই মন্ত্রের ধ্বনিতে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে সমবেত হন হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও ভক্ত। দেবী সরস্বতীর চরণে পুষ্প অর্পণের মধ্য দিয়ে তারা প্রার্থনা জানান অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত জীবনের।
সকাল থেকে কেন্দ্রীয় মন্দির ঘিরে ছিল প্রাণচাঞ্চল্য। সাদা-হলুদ পোশাকে শিক্ষার্থীদের উপস্থিতি, আলপনা ও ফুলের সাজে পূজামণ্ডপ হয়ে ওঠে আরও নান্দনিক। অঞ্জলি প্রদান শেষে ভক্তরা কামনা করেন ব্যক্তিগত জীবনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রে জ্ঞান, ন্যায় ও শান্তির প্রতিষ্ঠা।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সাংবাদিকদের বলেন, “বিদ্যার দেবী সরস্বতী মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে সত্য, সুন্দর ও মানবিক মূল্যবোধের চর্চাকে আরও গভীর করবে।”
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সনাতন ধর্মপরিষদের প্রধান আয়োজনের পাশাপাশি প্রায় ১৪টি অনুষদ ও বিভাগে আলাদা আলাদা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ ছিল শহীদ বুদ্ধিজীবী চত্বরে ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে আয়োজিত সরস্বতী পূজা, যা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো।
দুপুর পর্যন্ত অঞ্জলি, প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। শিক্ষার্থীদের কণ্ঠে একটাই প্রত্যাশা— দেবী সরস্বতীর আশীর্বাদে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে, আর ফিরে আসুক শান্তি ও সম্প্রীতির বার্তা।



No comments:
Post a Comment