শুক্রবার সন্ধ্যায় ইফতারের আগে আগে উত্তর কাট্টলীর বড় কালীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে আকবর শাহ থানার ওসি জসীম উদ্দিন জানান।
নিহত নারীর নাম সন্ধ্যা রানী, বয়স ৬০ বছর। আহত শান্তি নন্দী (৭০), দীপক দত্ত (৪৮), টিংকু দত্ত (৪৫) ও প্রদীপ তালুকদারকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের কোপানোর অভিযোগে সত্যজিত নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে, যিনি ওই এলাকায় একটি ওষুধের দোকান চালাতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জসীম উদ্দিন বলেন, “সন্ধ্যায় সত্যজিত হঠাৎ দা নিয়ে নিজের বাসা থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় লোকজনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।”
পরে এলাকাবাসী পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা রানীকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি বলেন, “সত্যজিতের মানসিক সমস্যা আছে কি না তা আমরা খোঁজ নিয়ে দেখছি।”
আহতদের যারা হাসপাতালে নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে একজন রাজু বণিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সত্যজিত ইয়াবায় আসক্ত। প্রায় সব সময় সে নেশাগ্রস্ত থাকত। ওই সময় সে নেশায় ছিল মনে হয়।”

No comments:
Post a Comment