/> বাগীশিকের নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের অভিষেক ৬ নভেম্বর, প্রধান অতিথি চসিক প্রশাসক - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বাগীশিকের নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের অভিষেক ৬ নভেম্বর, প্রধান অতিথি চসিক প্রশাসক

 




নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের অভিষেক অনুষ্ঠান আগামী ৬ নভেম্বর (শুক্রবার) চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নগরীর জিসিসি কনভেনশন হলে।

অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সম্প্রতি চট্টগ্রামের আন্দরকিল্লায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক বিস্তৃতি ও অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রীমদ্ভগবদ্গীতার শাশ্বত শিক্ষা, মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও অসাম্প্রদায়িক চেতনা প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বাগীশিক। বর্তমানে দেশের প্রায় ৪৫টি জেলায় সংগঠনটির কার্যক্রম বিস্তৃত। সারা দেশে প্রায় ৮ হাজার গীতা শিক্ষালয়ে ৪ লাখ শিক্ষার্থী ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করছে।

গীতা শিক্ষার পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অসচ্ছল কন্যাদায়গ্রস্ত পিতাকে আর্থিক সহযোগিতা, বৃক্ষরোপণ, জাতীয় দিবস উদযাপন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি।

দিনব্যাপী অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে পার্থসারথি পূজা, জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, উদ্বোধনী অনুষ্ঠান, সমবেত গীতাপাঠ, নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের শপথ গ্রহণ, অভিষেক অনুষ্ঠান, গীতি আলেখ্য, সংবর্ধনা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ।



অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এবং পাঁচড়িয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবশ্বিরানন্দ পুরী মহারাজ। উদ্বোধক হিসেবে থাকবেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা শ্রীযুক্ত তিনকড়ি চক্রবর্তী। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করবেন সংগঠনের উপদেষ্টা শ্রীযুক্ত শিব প্রসাদ দত্ত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হারাধন নাগ।

অভিষেক উদযাপন পরিষদের সদস্য সচিব অরুন কান্তি মল্লিকের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিষেক উদযাপন পরিষদের আহবায়ক অ্যাড. প্রণব মজুমদার। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, দিলীপ কুমার ভট্টাচার্য্য, লায়ন শম্ভু দাশ, অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, দেবব্রত দাশ, সভাপতি ঝুন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা, সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সিনিয়র সহ-সভাপতি ডা. অঞ্জন কুমার দাশ ও প্রীতম চৌধুরী, সহ-সভাপতি সুশীল দত্ত, কর্মকর্তা পলাশ কান্তি নাথ রণী, এস প্রকাশ পাল, যীশু সেন, রাশু কান্তি বিশ্বাস, বিপ্লব পাল চৌধুরী, সুমন দাশ, ডা. রুপম রুদ্র, শিল্পী চৌধুরী, ডা. দেবাশীষ মজুমদার, সজীব দত্ত সৌরভ, সজিব মজুমদার, মোহন চৌধুরী প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের অভিষেক অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ আয়োজনের প্রচার ও বাস্তবায়নে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন তারা।

No comments:

Post a Comment

Post Top Ad