/> মন্দিরে 'ভাঙচুর' আপসনামার ভিত্তিতে ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

মন্দিরে 'ভাঙচুর' আপসনামার ভিত্তিতে ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে

 


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলের দুর্গামন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগে নীট কনসার্ন গ্রুপের পরিচালকসহ দুজনকে থানায় নেওয়ার পর ছেড়ে দিয়েছে পুলিশ।


বুধবার রাতে মন্দির কমিটি ও মিল কর্তৃপক্ষের মধ্যে চারটি শর্তে সমঝোতা হওয়ার পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান।


ছাড়া পাওয়া দুজন হলেন- নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা ও প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিম।


মুজিবুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। কেউ কারও কাজে বাধা দেবেন না এবং মন্দিরে নিয়মিত পূজা হবে- এমন সমঝোতা হয়েছে।


আপসনামায় মন্দির কমিটির সভাপতি মিঠু চন্দ্র দাস ও লক্ষ্মীনারায়ণ কটন মিলসের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা স্বাক্ষর করেন।


সমঝোতা অনুযায়ী, মন্দির কমিটির সভাপতি ও সদস্যরা মন্দিরের কার্যক্রম পরিচালনা করবেন। এতে মিল কর্তৃপক্ষ বা তাদের লোকজন বাধা দিতে পারবেন না।


এ ছাড়া দুই দিনের মধ্যে মিল কর্তৃপক্ষ নিজেদের খরচে মন্দিরের সামনে অস্থায়ী প্যান্ডেল তৈরি করে দেবে। মন্দিরের বিদ্যুৎ ও সিসিটিভি ভিডিও সচল রাখতে হবে। মন্দিরের প্রধান ফটকের চাবি দুই পক্ষের কাছেই থাকবে।


মন্দিরের জমি নিয়ে বিরোধ ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতায় মীমাংসার উদ্যোগ নেওয়া হবে। কোনো পক্ষ চুক্তির শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।


আপসনামায় বলা হয়েছে, প্রায় ১০০ বছরের পুরোনো এই মন্দিরে ৫০ থেকে ৬০টি পরিবার নিয়মিত পূজা-অর্চনা করে আসছে। জমির মালিকানা ও মন্দির পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।


আপসনামার কোনো শর্ত ভঙ্গ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথাও এতে বলা হয়েছে।


এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মন্দিরের ফটকে নতুন তালা লাগিয়ে পূজারিদের প্রবেশে বাধা দেওয়া এবং ভেতরের সাজসজ্জা ও প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ ওঠে নীট কনসার্ন গ্রুপের লোকজনের বিরুদ্ধে।


মন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ লাল বেগী অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মিল কর্তৃপক্ষের লোকজন পুরোনো তালা সরিয়ে নতুন তালা লাগান। এ সময় মনির হোসেন মোল্লাসহ তাদের লোকজন মন্দিরের সাজসজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেন। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল ছেড়ে চলে যান।


অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, মন্দিরে প্রবেশে বাধা, ভাঙচুরের অভিযোগ এবং জমি নিয়ে বিরোধের বিষয়টি পুলিশ তদন্ত করছে।

No comments:

Post a Comment

Post Top Ad