/> চট্টগ্রামে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মমহোৎসব শুক্রবার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

চট্টগ্রামে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মমহোৎসব শুক্রবার

 



নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ জন্মমহোৎসব উপলক্ষে চট্টগ্রামে দুই দিনব্যাপী আয়োজন করা হয়েছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর নগরীর ফিরিঙ্গীবাজার এলাকার নেভাল-২ মাঠে (মেরিনার্স রোড, ব্রিজঘাট) অনুষ্ঠিত হবে এ মহোৎসব। সৎসঙ্গ বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত এ উৎসবে ধর্মীয়, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক নানা কর্মসূচি থাকছে।


বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার (২০ নভেম্বর) পালিত হবে মূল জন্মমহোৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় সমবেত বিনতি, নামজপ, অমিয় গ্রন্থাদি পাঠ ও চকরিয়ার সুরতরঙ্গ সংগীত একাডেমির পরিবেশনায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।


শুক্রবার ভোরে মাঙ্গলিক বেদপাঠ ও নহবতের মাধ্যমে মূল দিনের কর্মসূচি শুরু হবে। দিনব্যাপী বিনতি, নামজপ, নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টা ১৫ মিনিটে চিকিৎসক সম্মেলন ও বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্বোধন, দুপুর ১২টা ৪৫ মিনিটে মাতৃ সম্মেলন এবং বিকেল ৩টা ১ মিনিটে সাধারণ সভা। সন্ধ্যায় নৃত্যানুষ্ঠান ‘ভক্তি রসে নিত্য ধারা’ ও বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সংগীতাঞ্জলি ‘প্রিয় আমার প্রাণ আমার’ অনুষ্ঠিত হবে। পাশাপাশি ভোগরাগ ও দীক্ষাদান কার্যক্রমও চলবে।


উৎসবে অংশগ্রহণকারী ভক্তদের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রাম রেলস্টেশন, নতুন ব্রিজ, বহদ্দারহাট, অক্সিজেন, অলংকার ও পতেঙ্গা-কাটগড়সহ নগরীর বিভিন্ন স্থান থেকে বাস, টেম্পো ও অটোরিকশাযোগে কোতোয়ালী মোড় অথবা মেরিনার্স রোড হয়ে উৎসবস্থলে পৌঁছানোর ব্যবস্থা ও নির্দেশনা রাখা হয়েছে।


মহোৎসবে সপরিবারে অংশগ্রহণের জন্য সব ইষ্টানুরাগী ভক্ত ও মায়েদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন উৎসব উদযাপন পরিষদ-২০২৬-এর সভাপতি সুভাষ চন্দ্র আচার্য, প্রধান সমন্বয়ক তাপস কুমার নন্দী ও সম্পাদক অধ্যাপক শুভাশীষ দাশ রকেট।

No comments:

Post a Comment

Post Top Ad