যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ঐতিহ্যবাহী টাইমস স্কয়ার বিশ্বের ভ্রমণপিপাসু ও সংস্কৃতিপ্রেমীদের অন্যতম প্রধান আকর্ষণ। বিগত কয়েক বছর ধরে বাঙালি সংস্কৃতি ও সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে ‘BENGALI CLUB OF USA নামের একটি সংগঠন এখানে জমকালো দুর্গাপূজার আয়োজন করে আসছে। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই টাইমস স্কয়ারের পূজোয় এবার যুক্ত হলো এক অনন্য আধ্যাত্মিক মাত্রা।
এবারের দুর্গাপূজায় সুদূর আমেরিকার লর্সএঞ্জেল থেকে নিউইয়র্কে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কোকদণ্ডী গ্রামে অবস্থিত ঐতিহাসিক ঋষিধাম ও ঋষিধামস্থ সংস্কৃত কলেজের সুযোগ্য অধ্যক্ষ এবং ‘ঋষি অদ্বৈতানন্দ মিশন আমেরিকা শাখা’র প্রধান শ্রীমৎ স্বামী শুভানন্দ পুরী মহারাজ।
উল্লেখ্য, ঋষিধামের প্রতিষ্ঠাতা, ঋষিকুল শিরোমণি, শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের মানসপুত্র শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের হাত ধরে গড়ে ওঠা গুরু-পরম্পরা ও আধ্যাত্মিক ভাবাদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন স্বামী শুভানন্দ পুরী।
পরম পুরুষ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম মহান সাধক ও আধ্যাত্মিক পুরুষ। তাঁরই প্রবর্তিত চট্টগ্রামের বাঁশখালীর ঋষিধাম আজ কেবল বাংলাদেশের নয়, বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক অন্যতম পবিত্র তীর্থস্থান। বাঁশখালীর এই ঐতিহ্যবাহী ঋষিধামেই প্রতি ৩ বছর অন্তত অন্তর অনুষ্ঠিত হয় 'আন্তর্জাতিক ঋষি কুম্ভমেলা', যা বাংলাদেশের একমাত্র ও সর্ববৃহৎ কুম্ভমেলা হিসেবে সুপরিচিত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত, সাধু-সন্ন্যাসী ও পুণ্যার্থীর সমাগমে মুখরিত হয় এই মেলা, যা সম্প্রীতি ও আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হয়।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের পূজামণ্ডপে শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের রচিত 'শ্রীশ্রী দশমহাবিদ্যা'র আলোকে বিশ্বকল্যাণে এক বিশেষ শ্রীশ্রী মহাযজ্ঞের আয়োজনের পৌরহিত্যে করেন স্বামী শুভানন্দ পুরী মহারাজ। যজ্ঞ পরিচালনা শেষে তিনি উপস্থিত দেশি-বিদেশি ভক্তদের মাঝে শ্রীগুরু অদ্বৈতানন্দের আধ্যাত্মিক দর্শন, অহিংসা এবং বাঁশখালী ঋষিধামের ঐতিহাসিক ও ধর্মীয় মহিমা তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল পূজামণ্ডপে শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের প্রতিকৃতি (ছবি) স্থাপন। বিশ্বমানের এমন একটি উন্মুক্ত স্থানে পরমপূজনীয় গুরুর ছবি স্থাপন করায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অদ্বৈত ভাবাদর্শের অনুসারী ও ঋষিধামের ভক্তদের মাঝে এক বিপুল আনন্দ ও আলোড়ন সৃষ্টি হয়েছে।
শ্রীমৎ স্বামী শুভানন্দ পুরী মালেশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আরব আমিরাত, লাউস, আমেরিকার বিভিন্ন শহর, কানাডা, ফান্সের প্যারিস, সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ভাবাদর্শ প্রচার করে যাচ্ছেন।
পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী বছর ভারতে আসন্ন কুম্ভমেলায় বিশ্বের বিভিন্ন দেশের ভক্তদের নিয়ে স্বামী শুভানন্দ পুরী মহারাজ অংশগ্রহণ করার কথা রয়েছে। যারা সংযুক্ত হতে ইচ্ছুক swamishuvananda@gmail.com or Leptonnath@gmail.com মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জ্ঞাপন করেছেন।
নিউইয়র্ক টাইমস স্কয়ার দূর্গাপূজায় এমন মহতী কর্মযজ্ঞকে সাধুবাদ জানিয়ে পুরো আয়োজক কমিটি এবং BENGALI CLUB OF USA এর কর্ণধার শ্রী দীনেশ চন্দ্র মজুমদার, পূজারী শ্রী রুবেল চক্রবর্তী সহ সকলের সদস্যের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঋষিধাম পরিচালনা পরিষদ "শ্রীগুরু সংঘ", ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ ও ঋষি অদ্বৈতানন্দ মিশন আমেরিকা।



No comments:
Post a Comment