টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রহস্যের মেঘ যেন কিছুতেই কাটছে না। অভিনেতার আকস্মিক প্রয়াণ কি নিছকই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে রয়েছে চরম গাফিলতি। যা প্রশ্ন উঠছে নানা মহলে।
উড়িশা ও পশ্চিমবঙ্গ পুলিশের বয়ান এবং হাসপাতালের দেওয়া তথ্যের মধ্যে সময়ের যে বিস্তর ফারাক মিলছে, তাতে দানা বাঁধছে গভীর রহস্য। ১৩ মিনিটের পথ পার করতে কেন এক ঘণ্টার বেশি সময় লাগলো, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টালিউড থেকে দিঘার উপকূলে।
পুলিশের রিপোর্ট অনুযায়ী, গত রবিবার বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ উড়িশার তালসারিতে দুর্ঘটনাটি ঘটে। অথচ, দিঘা হাসপাতালে রাহুলকে যখন আনা হয়, তখন ঘড়িতে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট। অর্থাৎ, মাঝখানের ৭০ মিনিট ঠিক কী হয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।
দিঘার হাসপাতাল সুপার জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হলেও, প্রাথমিক পরীক্ষায় বোঝা গেছে হাসপাতালে আনার অনেক আগেই অভিনেতার মৃত্যু হয়। সুপারের মতে, আরেকটু আগে আনা গেলে হয়তো অভিনেতাকে বাঁচানো সম্ভব হতো।

No comments:
Post a Comment