নোয়াখালীতে একটি পুকুর থেকে রঞ্জন কুবীর (৪৫) নামে এক ঔষধ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দেরহাটের কাশিরামপুর বাজারের শনিবার (১৩মার্চ) সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত রঞ্জন কুবীর স্থানীয়ভাবে পরিচিত একজন ঔষধ ব্যবসায়ী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত থেকে রঞ্জন কুবীর নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

No comments:
Post a Comment