/> সাতক্ষীরায় বাসন্তী পূজার মন্দির নির্মাণে বাধা প্রদানের অভিযোগ - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

সাতক্ষীরায় বাসন্তী পূজার মন্দির নির্মাণে বাধা প্রদানের অভিযোগ

 



সাতক্ষীরা সদর উপজেলার রাজার বাগান সদূরডাঙ্গী পূর্বপাড়ায় বাসন্তী পূজার মন্ডপ নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার বেলা ১১টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজারবাগান এলাকায় এই ঘটনা ঘটে।


স্থানীয় মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে পূজা আয়োজনে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সাম্প্রদায়িক মন্তব্য করার দাবি জানানো হয়েছে।


​সদূরডাঙ্গী মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস ও সভাপতি আদিত্য বিশ্বাস অভিযোগ করেন, প্রতিবেশী মনিরুজ্জামান টুটুল ও তার পরিবার দীর্ঘ কয়েক বছর ধরেই বিভিন্ন পূজার সময় বাধা দিয়ে আসছেন।


রোববার সরকারি রাস্তার পাশে প্যান্ডেল নির্মাণের জন্য বাঁশ পোঁতার সময় টুটুল ও তার স্ত্রী এসে কাজে বাধা দেন এবং গালিগালাজসহ মারধরের হুমকি দেন। আয়োজকদের দাবি, টুটুলের স্ত্রী এ সময় তাদের পূজা করতে হলে ভারতে চলে যাওয়ার কথা বলেন। তারা আরও জানান, গত বছরও একই ধরনের হুমকি ও বাধার সম্মুখীন হতে হয়েছিল তাদের। নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


​তবে অভিযুক্ত মনিরুজ্জামান টুটুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, মন্ডপ নির্মাণে কোনো বাধা দেওয়া হয়নি। আলোকসজ্জার জন্য যে বাঁশগুলো পোঁতা হচ্ছিল, সেগুলো তার নিজস্ব জমির সীমানার মধ্যে পড়ায় তিনি আপত্তি জানিয়েছিলেন। এছাড়া বিদ্যুতের তারে লিকেজ থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকায় তার স্ত্রী সতর্ক করার চেষ্টা করেছেন মাত্র।


​ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলা হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না দিলেও মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে।


সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসনের স্থায়ী নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad