পটুয়াখালীর দশমিনায় গভীর রাতে এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে দুর্ধর্ষ ডা"কাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
রবিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকার জাফরাবাদ গ্রামে নিতাই বাওয়ালির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। ডাকাতরা আলমারি ভেঙে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করে নেয়। এ সময় ঘরের কিছু আসবাবপত্রও ভাঙচুর করা হয়।
ডাকাত দল চলে যাওয়ার পর ভুক্তভোগীরা কোনোভাবে নিজেদের বাঁধন খুলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে এলাকাবাসীর সহায়তায় থানায় খবর দেওয়া হয়। ঘটনাটি এলাকায় আ"তঙ্কের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী নিতাই বাওয়ালি জানান, “আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে ৮-১০ জন লোক দরজা ভে"ঙে ঘরে ঢুকে আমাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। আমার নাতিকে কোলে নিয়ে গলায় দা ধরে সবকিছু বের করে দিতে বলে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।”
স্থানীয় বাসিন্দা হরিদাস বলেন, “গত ২৪-২৫ বছরে আমাদের এলাকায় এমন ঘটনা ঘটেনি। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাছনাইন পারভেজ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, এলাকায় নিরাপত্তা জোরদার করে দ্রুত ডাকাত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করা হোক।

No comments:
Post a Comment