অনেক বছর পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী পেলেন রাঙামাটিবাসী। মঙ্গলবার রাঙামাটি ২৯৯ নম্বর আসনে নির্বাচিত অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের খবরে রাঙামাটিবাসীর মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও আনন্দ ভাগাভাগি করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর রাঙামাটির রাজনীতির ইতিহাসে চমক এসেছে। বিগত সরকারের আমলে রাঙামাটি থেকে কেউ পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পাননি। তবে প্রথমবার নির্বাচন করেই ত্যাগ লাগিয়ে দিলেন দীপেন দেওয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রিত্ব লাভ করলেন।
রাঙামাটির ২১৪টি কেন্দ্রে তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ২ লাখ ১ হাজার ৮৪৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। এ আসনে ১ লাখ ৭০ হাজার ৭০২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা। যা রাঙামাটির নির্বাচনের ইতিহাসে এই প্রথম।
রাঙামাটি জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম কামাল উদ্দীন আকাঁশ বলেন, ‘দীপেন দেওয়ান মন্ত্রী হওয়া আমাদের জন্য সত্যিই গর্বের। আমরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করতে পেরেছি। পার্বত্য মন্ত্রী পার্বত্যাঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করবেন। এ অঞ্চলের সমস্যা-সম্ভাবনা নিয়ে কাজ করবেন। পাহাড়ের যুব সমাজের বেকারত্ব দূর হবে।
এটাই আমাদের প্রত্যাশা। ’
রাঙামাটি জেলা বিএনপির নেতাকর্মীরাসহ সাধারণ জনতা একে অপরকে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। আনন্দে অনেকের চোখে পানি দেখা গেছে। শপথ গ্রহণের পর অ্যাডভোকেট দীপেন দেওয়ান ফিরে আসার অপেক্ষায় রাঙামাাটিবাসী।

No comments:
Post a Comment