চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পূজা রানী দাস (১৬) স্কুলের বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরে কক্সবাজারে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় ৫ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, মেয়ের খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠা ও হতাশায় দিন কাটাচ্ছেন বাবা অপু দাসসহ পরিবারের সদস্যরা। পরিবার জানায়, তারা এখনো নিশ্চিত কোনো তথ্য পাননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের দাবি ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে পূজা নাকি ভিন্ন ধর্মাবলম্বী এক কল বা টিউবওয়েল মিস্ত্রির সঙ্গে পালিয়ে গেছে। এসব তথ্যকে ভিত্তিহীন ও গুজব বলে দাবি করছে পরিবার। বিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সকল শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কক্সবাজারে বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের আয়োজন করা হয়। সফর শেষে অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা নিজ নিজ বাড়িতে ফিরে এলেও পূজা রানী দাস আর ফিরে আসেনি।
বিষয়টি জানাজানি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ কক্সবাজারের সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ পূজা রানী দাস মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনু ভূইয়াপাড়া এলাকার বাসিন্দা অপু দাসের মেয়ে। বর্তমানে পরিবারটি একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছে। মেয়েকে ফিরে পেতে অপু দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছেও গিয়ে সহযোগিতা চান।
স্থানীয়দের একটি অংশ অভিযোগ করে, এলাকায় কাজ করতে আসা এক ভিন্ন ধর্মাবলম্বী যুবকের সঙ্গে পূজার পূর্বপরিচয় ছিল এবং সে কারণে তাকে প্ররোচিত করে নিয়ে যাওয়া হতে পারে। তবে এসব বিষয় এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
এদিকে, কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা রানী দাসকে ধর্মান্তরিত করা হয়েছে বলেও দাবি করা হয়।
এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। অনেকেই দ্রুত পূজা রানী দাসকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান করছেন।
পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমরা এখনো মেয়ের কোনো সন্ধান পাইনি। সে কোথায় আছে, কেমন আছে-কিছুই জানি না। শুধু চাই, মেয়েটা যেন জীবিত অবস্থায় ফিরে আসে। অপপ্রচারে নয়, সত্য উদঘাটনের মাধ্যমে তার সন্ধান মিলুক।"

No comments:
Post a Comment