রোগীর পেটের মধ্যেই ডাক্তারি কাঁচি রেখে অপারেশন শেষ করলেন চিকিৎসক। তিন মাস ধরে রোগীর পেটেই ছিল ফরসেপ। পরে এক্স-রে’তে ধরা পড়ে অবহেলার এই নজির। এ ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, তিন মাস আগে ৩৩ বছরের এক নারী রোগী হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (এনআইএমএস) অস্ত্রোপচারের জন্য ভর্তি হন। অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর থেকেই পেটের মারাত্মক যন্ত্রণায় ভুগতে থাকেন তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফের তাকে ওই হাসপাতালেই নিয়ে এক্স-রে করানো হয়। এক্স রে রিপোর্টে দেখা যায় তার পেটের মধ্যে রয়েছে একটি ডাক্তারি কাঁচি।
অবিলম্বে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে সোমবার সকালে ফের অস্ত্রোপচার করে তার পেটের ভিতর ওই ফরসেপ যন্ত্রটি বের করা হয়। এ ব্যাপারে এনআইএমএসের পরিচালক কে মনোহর বলেন, “রোগী আমাদের প্রথম অগ্রাধিকার। যত তাড়াতাড়ি সম্ভব আমরা রোগীর স্বাস্থ্য সমস্যা মিটিয়ে দিতে ওই উপকরণটি বের করে দিয়েছি।
তিনি আরো বলেন, পূর্বের অস্ত্রোপচারটি করেছিলেন সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের একজন শল্য চিকিৎসক। হাসপাতাল থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানায়, পুলিশের কাছে দুইজন ডাক্তারের বিরুদ্ধে ওই নারীর স্বামী অভিযোগ দায়ের করেছেন। ক্রেতা সুরক্ষা আদালত এ বিষয়টি দেখছে।

No comments:
Post a Comment